আরসিটিভি ডেস্ক 

চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, এসএসসি পরীক্ষাকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের নামে ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর পুলিশ সদর দপ্তরের এলআইসি (ল’ এনফোর্সমেন্ট ইন্টেলিজেন্স সেল) শাখা এ বিষয়ে অনুসন্ধান শুরু করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্তের একপর্যায়ে রংপুর মহানগর এলাকায় চক্রের এক সদস্যের অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নগরীর শালবন এলাকায় আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানে অভিযুক্ত ওই শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা এলাকার বাসিন্দা এবং আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে এসংক্রান্ত বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও একাধিক সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে, যা প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।
গোয়েন্দা কর্মকর্তারা আরো জানান, পরীক্ষাকে ঘিরে এমন প্রতারণা নতুন নয়।
প্রতি বছরই অসাধু চক্রগুলো পরীক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চাপ ও ভালো ফলাফলের আকাঙ্ক্ষাকে পুঁজি করে ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে থাকে। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হন এবং আর্থিক ক্ষতির শিকার হন।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘অনলাইনে প্রতারণার অভিযোগে আটকের পর ওই শিক্ষার্থীকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘পরীক্ষার্থীদের উদ্দেশে আমাদের অনুরোধ-কোনো ধরনের গুজব বা ভুয়া প্রশ্নপত্রের প্রলোভনে বিভ্রান্ত হবেন না।
প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত যেকোনো তথ্য অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া এবং প্রতারণামূলক। এ বিষয়ে সচেতনতা জরুরি।’
মন্তব্য করুন