আরসিটিভি ডেস্ক 

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের ফ্লাগশিপ প্রকল্প হওয়ায় এটি অগ্রধিকার পাবে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পটি একটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটখাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ এক শতাংশও না।
তিনি জানান, পাইলট কার্যক্রমে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কিনা, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে পাওয়া সমস্যাগুলো শনাক্ত করেছি এবং সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পটি শুধু একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়। বরং এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকল্প বাস্তবায়নে বাজেট কোনো বাধা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
মন্তব্য করুন