আন্তর্জাতিক ডেস্ক 

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সার সরবরাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা একটি সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস (ইউএনওপিএস) এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংস্থাটির নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন, হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করতে পারে এবং লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়বে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান রুট। এই পথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। একই সঙ্গে সার উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পরিবহনেও এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই রুট বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ছে এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
কৃষি নির্ভর দেশগুলো, বিশেষ করে উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলো, এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। কারণ সারের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট সরাসরি খাদ্য উৎপাদন কমিয়ে দিতে পারে। এতে করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
জাতিসংঘ সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে করে হরমুজে স্বাভাবিক নৌ-চলাচল অব্যাহত থাকে। অন্যথায়, এই সংকট আরও গভীর হয়ে একটি বৈশ্বিক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।
মন্তব্য করুন