বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে ‘প্রতিশোধ’ নিলেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, বাইডেন আর গোয়েন্দা সংস্থাগুলোর দৈনিক ব্রিফিংও পাবেন না। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের পেছনে স্পেশাল কাউন্সেল রবার্ট হারের এক প্রতিবেদনের ভূমিকা রয়েছে।
গত বছর প্রকাশিত ওই প্রতিবেদনে হার লিখেছিলেন, “বাইডেন একজন সজ্জন ও বয়স্ক ব্যক্তি, তবে তার স্মৃতিশক্তি দুর্বল।” যদিও তখন বাইডেন এই দাবি অস্বীকার করেছিলেন।
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা কিছু সীমিত গোয়েন্দা তথ্য পেয়ে থাকেন এবং নির্দিষ্ট কিছু নিরাপত্তাবেষ্টিত এলাকায় প্রবেশাধিকার পান। কিন্তু ট্রাম্প এই প্রচলিত রীতি ভেঙে বাইডেনের জন্য গোয়েন্দা তথ্যের প্রবেশাধিকার বাতিল করে দিলেন।
২০২১ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, ট্রাম্পের গোয়েন্দা তথ্য পাওয়া উচিত নয়। কারণ, তিনি ‘অস্থির প্রকৃতির’ এবং গোপন তথ্য ফাঁস করতে পারেন বলে আশঙ্কা করেছিলেন বাইডেন।
তখন তিনি বলেছিলেন, “ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেওয়ার কী দরকার? এতে তিনি কী এমন প্রভাব ফেলবেন? বরং, তিনি হঠাৎ মুখ ফসকে কিছু বলে ফেলতে পারেন।”
ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত অনেকেই বাইডেনের সেই পুরোনো মন্তব্যের জবাব ও প্রতিশোধ হিসেবে দেখছেন। তার সাম্প্রতিক পোস্টে তিনি লেখেন, “বাইডেন যেন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কোনো তথ্য না পান, তা নিশ্চিত করতে গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”
মন্তব্য করুন