আবারও মার্কিন বিমান দুর্ঘটনা: আলাস্কায় বিধ্বস্ত উড়োজাহাজ, নিহত ১০
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে বেরিং এয়ার পরিষেবা সংস্থার একটি সেসনা ক্যাটাগরির ছোট আকারের বিমানটি উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশে যাত্রা করেছিল।
বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, উড়োজাহাজটি আকাশে ওড়ার ৪৫ মিনিটের মধ্যেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মার্কিন কোস্টগার্ডের আলাস্কা শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল বলেন, “সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে রাডারে সংকেত পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে গুরুতর ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।”
পরবর্তীতে আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে দুর্ঘটনার ভয়াবহতা এমন ছিল যে, বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা কঠিন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। নিহতদের পরিবার এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এর আগে, গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়, যেখানে ৬৮ জন যাত্রীসহ সবাই নিহত হন। সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনা দেশটির উড়োজাহাজ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
মন্তব্য করুন