লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ফেয়ারডিল সিরাপ ও ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবি’র বিভিন্ন বিওপির চারটি বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
গত ২৪ মার্চ রাত ১টা ২০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন খামারবাতি এলাকায়, ২৩ মার্চ বিকাল ৫টা ৩০ মিনিটে গংগারহাট বিওপির বিদ্যাবাগিস এলাকায় এবং একই দিন ভোর ৪টায় মোগলহাট বিওপির কুমারটারী এলাকায় টহল জোরদার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৪৬ বোতল, ফেয়ারডিল সিরাপ ১০০ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৮ পিস এবং অতিরিক্ত ইস্কাফ সিরাপ ৪৫ বোতল জব্দ করা হয়।
এদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় ২৪ মার্চ রাত ৩টা ২০ মিনিটে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ত্রিমোহনী এলাকায় রামখানা বিওপির টহলদল অভিযান চালিয়ে মোঃ হাসানুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে ভারতীয় ইস্কাফ সিরাপ ১৩ বোতলসহ আটক করে। আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে তাকে জব্দকৃত মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের অভিযান মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন