পরীক্ষামূলক
LIVE TV

গাজায় নিহতের সংখ্যা ৬২,০০০ ছাড়াল

গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪,০০০-এর বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। ফলে দখলদার ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৭০৯ জনে।

গাজা তথ্য অফিসের প্রধান সালামা মারুফ রোববার এ পরিসংখ্যান প্রকাশ করেন।

তিনি জানান, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে, যা প্রায় ৪৭,৪৮৭ জন। তবে এখনো অন্তত ১৪,২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাদেরকেও মৃত হিসেবে ধরা হচ্ছে।

গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭,৮৮১টি শিশু রয়েছে, যার মধ্যে ২১৪ জন নবজাতক।

গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরাইলি বাহিনী ৬,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান আগ্রাসনে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ২৫ বারেরও বেশি স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। এছাড়া, আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১,৫৮৮ জন।

গাজার মিডিয়া অফিস জানায়, ইসরাইলি হামলায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক আক্রমণ হয়েছে। এ পর্যন্ত ১,১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জম গাজার আল-রাশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন, ‘মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন মূলত মরদেহ উদ্ধারের কাজেই বেশি মনোনিবেশ করছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।’

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন