পরীক্ষামূলক
LIVE TV

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়াকে আরও উচ্চ হারে কর, শুল্ক এবং কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

ট্রাম্প তার পোস্টের শুরুতেই রুশ জনগণের প্রতি নিজের ‘ভালোবাসা’ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করেন। তবে তিনি ‘এই উদ্ভট যুদ্ধ বন্ধ করার’ জন্য রাশিয়াকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন।

তিনি লেখেন, ‘পরিস্থিতি কেবল আরও খারাপের দিকে যাচ্ছে। যদি আমরা দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে রাশিয়া যদি কোনো কিছু বিক্রি করতে চায়, তাহলে তার ওপর উচ্চ হারে কর, শুল্ক আরোপ এবং নিষেধাজ্ঞা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’

নতুন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখনই চুক্তি করার উপযুক্ত সময়। আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়।’

রাশিয়া ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশ। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে খুব কম ব্যক্তি, প্রতিষ্ঠান বা খাত রয়েছে।

ক্ষমতায় আসার পর বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় হয়ে উঠেছেন। ক্ষমতায় আসার আগে তিনি লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখন তার লক্ষ্য রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটানো।

Facebook Comments Box

মন্তব্য করুন