ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি ; বিজিবি মহাপরিচালক
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি কঠোর হবে। তিনি বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। শনিবার (১ মার্চ) কক্সবাজারে নবগঠিত উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক প্রশ্ন তোলেন, বাংলাদেশে ভারতীয়রা অবৈধ অনুপ্রবেশ করলে তাদের নিয়ম মেনে গ্রেপ্তার করে হস্তান্তর করা হয়। কিন্তু ভবিষ্যতে এটা কতটুকু সম্ভব হবে? সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ায় বিজিবি জোরালো প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত হত্যা প্রাধান্য পেলেও এর পরেও এ ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি জানান, বিএসএফ রাবার বুলেট ব্যবহার করায় ওই যুবক আহত হন এবং পরে মারা যান। তিনি বলেন, রাবার বুলেটও প্রাণঘাতী হতে পারে। বিএসএফের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দেন, সীমান্ত হত্যা কোনো সমাধান নয়। যদি এ ধরনের ঘটনা আবার ঘটে, বিজিবি আরও কঠোর অবস্থান নেবে।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, বিজিবি এবং স্থানীয় প্রশাসন অবৈধ অনুপ্রবেশ রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কিছু ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না থাকলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন