স্পোর্টস ডেস্ক 

ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার এজরি কনসাকে অ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। ২৮ বছর বয়সি এই তারকার জন্য ৫১ মিলিয়ন পাউন্ড খরচ করেছে গানাররা। ইএসপিনের তথ্য অনুযায়ী, চুক্তিতে আরও ৪ মিলিয়ন পাউন্ড অ্যাড-অন হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে ভিলার।
এর আগে কনসার জন্য আর্সেনালের ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল অ্যাস্টন ভিলা। শেষ পর্যন্ত দুই ক্লাবের আলোচনায় চুক্তিটি চূড়ান্ত হয়। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দল সাজাচ্ছে আর্সেনাল।
আজ রাতে কোভেন্ট্রি সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে অবশ্য কনসার অভিষেক হচ্ছে না। ফলে আগামী সোমবার তার সাবেক ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেই আর্সেনালের হয়ে প্রথমবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে ব্রেন্টফোর্ড থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ক্লাবটিতে সাতটি মৌসুম কাটিয়েছেন কনসা। ভিলার হয়ে নিয়মিত পারফর্ম করে নিজেকে প্রিমিয়ার লিগের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ইংল্যান্ডের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলেছেন কনসা। থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ড।
কনসাকে হারানো অ্যাস্টন ভিলার জন্য বড় ধাক্কা। এর আগে মর্গান রজার্স ও ইউরি টিয়েলেমান্সও ক্লাব ছেড়েছেন। ফলে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারিয়ে নতুন মৌসুমের আগে ভিলাকে এখন স্কোয়াড পুনর্গঠনের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে।
মন্তব্য করুন