দিনাজপুর প্রতিনিধি 

দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে দিনাজপুর শহরের গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম শুরু করেছে বিজিবি দিনাজপুর সেক্টর ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালিয়াডাঙ্গা এলাকার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম গিরিজা খালটি দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় কচুরিপানা, আগাছা ও বিভিন্ন বর্জ্যে ভরে যায়। এতে পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মশা-মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়।
গত ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ২৭ জুলাই থেকে সড়ক ও জনপথ বিভাগের এক্সকাভেটর মেশিনের মাধ্যমে খাল পুনঃখনন ও সংস্কার কাজ চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, খালটির পাশে অবস্থিত শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের ভোগান্তিতে ছিল।
দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সংস্কার কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন