নাটোরে সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে মো. আব্দুল্লাহ তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন বুলবুলি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান ,নিহত বুলবুলি খাতুন ও আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় থাকা পরিবারে এমন নৃশংস ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন