আরসিটিভি ডেস্ক 

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাঁচা বসতঘর, তিনটি গরু, প্রয়োজনীয় আসবাবপত্র ও একটি অটোরিকশার আংশিক অংশ পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক গৃহবধূ। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আদম আলী উপজেলার পিপরুল ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন দুইটি কাঁচা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, তিনটি গরু এবং আদম আলীর অটোরিকশার উপরের অংশ পুড়ে যায়। আগুনে দগ্ধ হন আদম আলীর স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ জহিরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন