লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার সকাল ৮টায় কার্যক্রম শুরুর আগে থেকেই জেলার কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়তে থাকে।
সরেজমিনে সদর হাসপাতাল, পৌরসভা, রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন স্কুলসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, শিশুদের ক্যাপসুল খাওয়াতে মায়েরা পরম যত্নে অপেক্ষা করছেন।
লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম জানান, ভিটামিন ‘এ’ শুধু শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্বই রোধ করে না, বরং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এটি ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে মায়েদের সচেতনতা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যাপক প্রচারণাই এই স্বতঃস্ফূর্ত সাড়ার মূল কারণ। মায়েদের এই সচেতনতা শিশুদের আগামী দিনের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
এর আগে সকালে সদর হাসপাতালের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এসময় সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ চিকিৎসকগণ ও স্বাস্থকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লালমনিরহাট জেলাজুড়ে এবার ২ লক্ষ ১১ হাজারের বেশি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
মন্তব্য করুন