ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আইয়ুব আলী (৬০) নামে এক ব্যক্তি। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারমারা ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ুব আলী ওই গ্রামের বাসিন্দা মো. ঝরু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস নেন। পরে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ঋণের বোঝা নিয়ে মানসিক চাপে ছিলেন আইয়ুব আলী। ঋণ পরিশোধের জন্য তিনি নিজের অনেক সম্পদ বিক্রি করলেও পুরো ঋণ পরিশোধ করতে পারেননি। আর্থিক সংকট ও ঋণের চাপের কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন