পরীক্ষামূলক
LIVE TV

লালমনিরহাটে তিস্তার পানি আবারও কমেছে, নেই বড় ধরনের বন্যার আশঙ্কা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও কমেছে। উজানের ঢল ও বৃষ্টির প্রভাবে গতকাল বিকেল থেকে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও বুধবার সকালে তা আবার বিপৎসীমার নিচে নেমে এসেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে এবং নদীপাড়ের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

‎পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল ৯টায় তা ছিল ১৩ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় ১৪ সেন্টিমিটার নিচে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পানি আরও কমতে পারে এবং বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।

‎এর আগে মঙ্গলবার বিকেল থেকে উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে জেলার কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়। ডুবে যায় ধান, চিনাবাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত। এতে কৃষকরা ক্ষয়ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন।

‎তবে বুধবার সকালে নদীর পানি কমতে শুরু করায় প্লাবিত নিম্নাঞ্চলগুলো থেকে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে। ফলে আপাতত বড় ধরনের বন্যার শঙ্কা কমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিস্তা নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে আবারও নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এ কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন