পরীক্ষামূলক
LIVE TV

বিপদসীমার উপরে তিস্তা নদীর পানি, চরাঞ্চল ও নিম্ন অঞ্চল প্লাবিত

লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট থেকে প্রাপ্ত শেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল তিনটায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিমাঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে তিস্তা নদীপাড়ের মানুষের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, স্বল্পমেয়াদী বন্যায় তিস্তার চরাঞ্চলে আবাদ করা চিনাবাদামসহ অন্যান্য ফসল এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

এদিকে আগামী ৫ দিন দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উজানের ঢলের প্রভাবে তিস্তা অববাহিকায় পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এতে তিস্তা তীরবর্তী নিমাঞ্চল ও চরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন