পরীক্ষামূলক
LIVE TV

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

গত এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যাও কমে এসেছে বলে দাবি তার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গেল এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গেল ৫ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত।’

আজ সোমবার (১৫ জুন) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে ফলপ্রসূ হয়েছে।

দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, দেশে প্রতিবছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন।

এ ছাড়া তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। ফলে তামাকের অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি স্বাস্থ্য খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করায় সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন