দিনাজপুর নিউমার্কেটে জমে উঠেছে লিচুর বেচাকেনা, ৭০০ থেকে ১ হাজার কোটি টাকার লেনদেনের আশা
দেশের লিচুর রাজধানী হিসেবে পরিচিত দিনাজপুরে পুরোদমে শুরু হয়েছে লিচু সংগ্রহ ও বিপণন কার্যক্রম। জেলার বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা রসালো লিচু প্রতিদিন ভোর থেকেই দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার দিনাজপুর নিউমার্কেটে আসছে। ফলে জমে উঠেছে লিচুর বেচাকেনা, সরগরম হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়া ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে লিচুর উৎপাদন কিছুটা কম হলেও বাজারে চাহিদা ও দাম দুটোই সন্তোষজনক রয়েছে। এতে কৃষক, বাগান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রতিদিন জেলার ১৩টি উপজেলা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানযোগে বিপুল পরিমাণ লিচু নিউমার্কেটের পাইকারি বাজারে আসছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকাররা এখান থেকে লিচু কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন। সকাল থেকে রাত পর্যন্ত আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগেই থাকছে।
দিনাজপুরের বোম্বাই, মাদ্রাজি, বেদানা ও চায়না-৩ জাতের লিচুর ব্যাপক চাহিদা রয়েছে দেশজুড়ে। স্বাদ ও মানের কারণে প্রতি বছরই এসব লিচু বাজারে বিশেষ কদর পায়। এ বছর উৎপাদন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভের মুখ দেখার আশা করছেন।
নিউমার্কেট ফল আড়তদার সমিতির সভাপতি রুস্তম আলী জানান, লিচুর মৌসুমকে ঘিরে বাজারে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিপুল পরিমাণ লিচু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি মৌসুমে দিনাজপুর নিউমার্কেটকে কেন্দ্র করে ৭০০ থেকে ১ হাজার কোটি টাকার লিচু বেচাকেনা হতে পারে।
লিচুর এই বিশাল বাণিজ্যকে কেন্দ্র করে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, আড়তদার ও ব্যবসায়ীদের আয়-রোজগার বাড়ছে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে।
মন্তব্য করুন