নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মোতমাইন্না বেগম
নীলফামারী কিশোরগঞ্জের শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোতমাইন্না বেগম মুন্নি ২০১১ সালের ২৮ ডিসেম্বর শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরআগেও ২০২৪ সালে তিনি জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী তারিক আহমেদ একজন ব্যবসায়ী। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।
মোতমাইন্না বেগম মুন্নি বিদ্যালয়ে যোগদান করার পরে মাল্টিমিডিয়া ক্লাস, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছেন। তার বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি বলেন, আমি শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি খেলাধুলাসহ সবকিছুতে অংশগ্রহণ করিয়েছি। শিক্ষার্থীরা যেন বইয়ের বাহিরেও অনেক কিছু শিক্ষা পায় সবসময় সেটি চেষ্টা করি। অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, সব দিক যাচাই বাছাই করে মোতমাইন্না বেগম মুন্নিকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আশা করি তিনি আগামীদিনে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন