পরীক্ষামূলক
LIVE TV

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পৃথক অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎বিজিবি জানায়, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ মে বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকায় এবং রাতে লালমনিরহাট সদর উপজেলার চওরাটারী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

‎বালারহাট ও মোগলহাট বিওপির টহল দল অভিযানের সময় মোটরসাইকেলযোগে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মোটরসাইকেল ও মাদক ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

‎পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৩৬ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।

‎এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন