পরীক্ষামূলক
LIVE TV

নাগরিক সেবা হতে হবে মানবিক, সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানবিক ও সহজ নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবা ও বিরোধ নিষ্পত্তিতে জনগণকে আদালতমুখী না হয়ে স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের বেশিরভাগই পরিবারের ভেতরে কিংবা গ্রামের পাশাপাশি বসবাসকারী মানুষের মধ্যে হয়ে থাকে। আমরা যদি নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করি, তাহলে অনেক সমস্যার সমাধান স্থানীয় পর্যায়েই সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত রয়েছে। কিন্তু মানুষ এখনো গ্রাম আদালতে যেতে চায় না। আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড কার্যক্রমও রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে আইনি সহায়তা পায় এবং আদালতের ওপর চাপ কমে। আগে গ্রামের শালিস ব্যবস্থার যে গ্রহণযোগ্যতা ছিল, সেটিও এখন অনেক কমে গেছে। ভূমি-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে ভূমি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলায় মোট ৭টি স্টল অংশ নিয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ভূমি সংক্রান্ত অনলাইন সেবা, লিগ্যাল এইডসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন