RCTV Logo নাটোর প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ঈদ বাজারে নাটোরের কুরবানীর পশুর জোগান, উদ্বৃত্ত দুই লাখের বেশি

ছবিঃ আরসিটিভি

পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কুরবানীর পশুর বিশাল জোগান নিয়ে প্রস্তুত নাটোর। জেলার খামারীরা এবার মোট চার লাখ ৭৫ হাজার ৪৩৭টি কুরবানীযোগ্য পশু প্রস্তুত করেছেন। স্থানীয় চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকছে দুই লাখ ৮২৬টি পশু, যা রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নাটোরে ২০ হাজার ৩৭৪ জন খামারী কুরবানীর পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু রয়েছে এক লাখ ১৮ হাজার ৫০৫টি, মহিষ দুই হাজার ৫২০টি, ছাগল তিন লাখ ২০ হাজার ৩৭১টি, ভেড়া ৩৪ হাজার ৩৮টি এবং অন্যান্য তিনটি পশু। জেলার মোট চাহিদা ধরা হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৬১১টি। সেই হিসাবে উদ্বৃত্ত থাকছে দুই লাখেরও বেশি পশু।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু মোটাতাজাকরণ নিশ্চিত করতে এবার ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্ষতিকর রাসায়নিক ও স্টেরয়েড ব্যবহার বন্ধে ৪২৫ জন খামারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১৪টি উঠান বৈঠক ও প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। নিয়মিত খামার পরিদর্শনের পাশাপাশি পশু পরিবহন, অর্থ লেনদেন ও খামারের নিরাপত্তা বিষয়ে খামারীদের সচেতন করা হচ্ছে।

নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন বলেন, “খামারীরা যাতে নিরাপদভাবে পশু বাজারজাত করতে পারেন, সে জন্য আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। জেলার ১২টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী হাটে ভেটেরিনারি টিম কাজ করছে। ক্রেতারাও যাতে সুস্থ ও নিরাপদ পশু কিনতে পারেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।”

জেলার খামারগুলোতে এখন ঈদের আমেজ বিরাজ করছে। নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকার সৌখিন খামারী রেকাত আলী তাঁর ড্রিমল্যান্ড ডেইরি ফার্মে এবার দেড় শতাধিক কুরবানীর পশু প্রস্তুত করেছেন। পশুর খাবারের জন্য নিজস্ব ২০ বিঘা জমিতে উন্নত জাতের ঘাস চাষ করেছেন তিনি।

রেকাত আলী বলেন, “আমার খামারের গরুর ক্রেতা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার। আগ্রহী ক্রেতারা খামারে এসে গরু দেখে কিনছেন। ইতোমধ্যে ৪৫টি গরু বিক্রি করেছি। এর মধ্যে একটি গরু ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে।”

তিনি আরও জানান, এবারের ঈদ উপলক্ষে সুন্দরবন জাতের ৪৫টি ছোট আকারের গরু সংগ্রহ করেছেন, যা স্বল্প দামে কুরবানী দিতে আগ্রহী ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

অন্যদিকে শহরতলীর তেবাড়িয়া এলাকার আয়শা এগ্রো ফার্মে প্রস্তুত করা হয়েছে ৮০টি গরু। ফার্মের স্বত্বাধিকারী আকবর আলী জানান, নাটোরের পাশাপাশি ঢাকা ও নোয়াখালীর হাটে গরু নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

প্রতি বছরের মতো এবারও নাটোরের খামারীরা ঢাকার কচুক্ষেত, গাবতলী, মীরপুর, শাহজাহানপুর, বারিধারা, হাজারীবাগ, বাড্ডা, মৌচাক, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও রামপুরাসহ বিভিন্ন পশুর হাটে যাচ্ছেন। এছাড়া রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াখালী ও সিলেটেও নাটোরের পশুর ব্যাপক চাহিদা রয়েছে।

এদিকে জেলার অন্যতম বড় পশুর হাট তেবাড়িয়ায় এখন গরু-ছাগলের ব্যাপক সমাগম দেখা গেলেও কেনাবেচার চেয়ে দরদামই বেশি চলছে। বিক্রেতা হারেছ আলী বলেন, “গরুর দাম বলেছি দেড় লাখ টাকা, কিন্তু ক্রেতারা এক লাখ ২০ হাজার টাকার বেশি দিতে চাইছেন না।”

ক্রেতা মো. আতিকুর রহমান বলেন, “মনে হচ্ছে এবার গরু-ছাগলের দাম কিছুটা কম হবে। তাই সময় নিয়ে দেখে শুনে কিনতে চাই।”

তেবাড়িয়া হাট পরিদর্শনকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন বলেন, “সিংড়াসহ জেলার ১২টি স্থায়ী হাটে প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি টিম কাজ করছে। চলতি সপ্তাহ থেকেই জেলার ভেতরে ও বাইরে পশু বিপণন শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পশু পাঠাতে আগ্রহী খামারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পুরো কার্যক্রম নিরাপদ রাখতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি।”

নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে জেলার সব পশুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পশু পরিবহন ও অর্থ লেনদেন নিরাপদ রাখতে হাইওয়ে ও জেলা পুলিশের সমন্বয়ে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “নাটোর এবারও কুরবানীর পশু উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় পশু সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ পশু বাজারজাতকরণ, হাট ব্যবস্থাপনা, পরিবহন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। খামারীরা যেন ন্যায্যমূল্য পান এবং ক্রেতারা যেন ভেজালমুক্ত ও সুস্থ পশু কিনতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে

চূড়ান্ত দল ঘোষণায় চমকের ইঙ্গিত আর্জেন্টিনার, নতুন কৌশল ফাঁস

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭ টি কোচ

দীর্ঘ বিরতির পর চতুর্থ মৌসুম নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফের গোলাগুলি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই জেলায় ৪ শিশুর মৃত্যু

কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

কবিরাজ সেজে নেট দুনিয়া কাঁপানো ব্যক্তি আসলে পেশাদার অভিনেতা

১২

ম্যানসিটি ছাড়ছেন পেপ গার্দিওলা!

১৩

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৪

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

১৫

ঈদ বাজারে নাটোরের কুরবানীর পশুর জোগান, উদ্বৃত্ত দুই লাখের বেশি

১৬

আজ ১৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৯ মে ২০২৬

১৮

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

১৯

ইরান যুদ্ধের সময় সৌদিতে কয়েক হাজার সেনা-যুদ্ধবিমান মোতায়েন করে পাকিস্তান

২০