পরীক্ষামূলক
LIVE TV

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

নাটোরের সিংড়া উপজেলায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন এবং দুইজন পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়ার কলিগ্রামে সলেমান মৃধার সঙ্গে নিহত মেছের আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়। এর জেরে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নিয়ে যান তার প্রতিবেশী মছিরন বিবি। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম চলাকালে দুই আসামি মারা যান এবং দুইজন পলাতক থাকেন। দীর্ঘ ২৭ বছর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত পলাতক দুইজনসহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন