আরসিটিভি ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে ২৬ এপ্রিল থেকে আপিল করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিলের নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন।
নির্বাচনে বিএনপি ও তাদের জোট পাচ্ছে ৩৬টি আসন। জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ছয়জন মিলিয়ে একটি আসন নির্ধারিত হয়েছে।
এ দিকে রুমিন ফারহানা কোনো জোটে থাকছেন না বলেও জানিয়েছেন ইসি সচিব।
মন্তব্য করুন