লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় মালামাল বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ৬ মার্চ ২০২৬ তারিখে শিংঝাড় ও রামখানা বিওপির দুটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিংঝাড় বিওপির আওতাধীন পশ্চিম শিংঝাড় (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) এবং দুপুর ১২টা ৫০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন খড়েরমাঠ এলাকায় (নাগেশ্বরী, কুড়িগ্রাম) অভিযান চালানো হয়। এ সময় টহলদলকে দেখে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তাদের বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮ পিস প্যান্ট জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন