পরীক্ষামূলক
LIVE TV

ইজতেমায় ড্রোন আতঙ্ক, শতাধিক মুসল্লি আহত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৬ মিনিটে মোনাজাত শেষ হয়। তবে মোনাজাত চলাকালে ইজতেমা ময়দানে আকস্মিক ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মুসল্লিদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে অর্ধশতাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সকাল ৯টা ৩১ মিনিটে টঙ্গী স্টেশন রোডের ফ্লাইওভারের পাশে একটি ড্রোন মাটিতে পড়ে বিকট শব্দ সৃষ্টি করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন, যার ফলে অনেকে আহত হন।

প্রত্যক্ষদর্শী গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদী ইউনিয়নের জুগলি গ্রামের আমজাদ হোসেন বলেন,
“আমার সামনে হঠাৎ তিনটি ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে ধাক্কা খায় এবং শব্দ হয়। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই দৌড়াতে শুরু করে।”

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন,
“শতাধিক মুসল্লি আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আতঙ্কে দৌড়াদৌড়ির কারণে তারা পড়ে গিয়ে আহত হয়েছেন।”

আহতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
আবুল কালাম (৫৫), আলামিন (৩২), আজাদ (৩০), ওবায়দুল্লাহ (৩২), রাতুল (১৮), আব্দুল করিম (২৮), সাইফুল ইসলাম (৩৮), জাফর উদ্দিন (৩১), জয়নাল (২৪), মকবুল হোসেন (৬৪), সোহাগ (৬০), মোশারফ (৩০), কোরবান আলী (২৫), সালামত (১৮), মুস্তাকিন (৩৩), কবির হোসেন (৩০), মুবিন (১৮), আয়নাল হক (২২), মামুন হোসেন (২১), মো. বাসেদ (১৩), খোকন (৪৩), জুয়েল (২৫), কবির হোসেন (৪৬), নাজিম উদ্দিন (৪১), কাওছারুল আলম (২৮), রায়হান (২৭), আনোয়ার (৪৫), সোহেল (৩৫), ফজল হক (৪৫), মুজাফফর আলী (৪৪)।
বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় একটি ড্রোন মাটিতে পড়ে যায় এবং এর শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন (অপরাধ) বলেন,
“কামারপাড়া সড়কে একটি সক্রিয় ড্রোন ব্যাটারি ফুরিয়ে নিচে পড়ে যায়। সহজ-সরল গ্রামবাসী এটাকে ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করেন, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।”

বিশেষজ্ঞরা বলছেন, জনবহুল এলাকায় ড্রোন উড্ডয়ন নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন