পরীক্ষামূলক
LIVE TV

সীমান্তে ১৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও ১৫.৫ কেজি গাঁজা জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু এবং ১৫.৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন মাশানকুরা ও হাজিটারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা গরু রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই দুই স্থান থেকে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অন্যদিকে, ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন হাজিটারী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সন্দেহজনক একজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৪টি ভারতীয় গরুর সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা এবং ১৫.৫ কেজি গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান ও মাদক চক্রের সদস্যদের শনাক্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন