সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু, গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু, গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে চোরাকারবারীরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
এর মধ্যে ২৬ ডিসেম্বর বিকেলে আদিতমারী উপজেলার নামাটারী এলাকায় দিঘলটারী বিওপি’র টহলদল অভিযান চালায়। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ভারতীয় গরু জব্দ করা হয়।
অন্যদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি এলাকায় বালারহাট বিওপি’র টহলদল ৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা চ্যালেঞ্জের মুখে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে ১০ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া ২৬ ডিসেম্বর রাতে নাগেশ্বরী উপজেলার গোয়ালটারী এলাকায় রামখানা বিওপি’র টহলদল একটি অভিযানে ৪৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে।
১৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি ভারতীয় গরু (সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা), ১০.৫ কেজি গাঁজা (মূল্য ৩৬ হাজার ৭৫০ টাকা) এবং ৪৫ বোতল ইস্কাপ সিরাপ (মূল্য ১৮ হাজার টাকা)। সব মিলিয়ে মোট সিজার মূল্য ৩ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন