পরীক্ষামূলক
LIVE TV

স্বামী ও সন্তানের স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর বরুনাগাঁও কোনপাড়া গ্রামে চার মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে টানা দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। অনশনরত ওই তরুণীর নাম বেরি রানী। প্রেমিক হিসেবে পরিচয় পাওয়া যুবকের নাম জীবন রায়।

বেরি রানী জানান, প্রায় তিন বছর ধরে তার খালাতো ভাই জীবন রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের চার মাস বয়সী একটি সন্তানের জন্ম হয়। জীবনের পক্ষ থেকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশায় শিশুসন্তানকে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেন বেরি রানী। তবে ঘটনাস্থলে গেলে দেখা যায়, বাড়ি তালাবদ্ধ এবং জীবন রায়সহ পরিবারের সদস্যরা পলাতক।

ঘটনার পর দুই দিন পার হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তরুণী। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাময়িক পাহারার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিষয়টির ন্যায়সংগত সমাধান প্রয়োজন। পাশাপাশি তারা দাবি করেন, চার মাসের শিশুটি যেন তার বাবার আইনগত পরিচয় পায়।

বর্তমানে প্রেমিকা বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকে জীবন রায় ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন