পরীক্ষামূলক
LIVE TV

বিশ্বব্যাংকের ৩ কোটি ডলার ঋণ, বিদ্যুৎ চাহিদা মেটাতে নতুন পদক্ষেপ

বিশ্বব্যাংক বাংলাদেশে জ্বালানি খাতের উন্নয়নে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন করতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা ধরে)।

এই অতিরিক্ত অর্থায়ন “এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন” প্রকল্পের আওতায় ব্যবহার করা হবে। বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ও ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এ বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটি (এসইউএফ) তহবিলের আওতায় ২০১৮ সালের ১০ এপ্রিল প্রকল্পটির মূল ঋণচুক্তি স্বাক্ষরিত হয়, যার আর্থিক সহায়তার পরিমাণ ছিল ৩ হাজার ৬৪২ কোটি ৪৮ লাখ টাকা। পরবর্তীতে, কোভিড-১৯ মহামারির কারণে প্রকল্পটির মূল অর্থায়ন ৪৫০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার কমিয়ে নেওয়া হয়। বর্তমানে, প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে অতিরিক্ত ৩ কোটি ডলার প্রয়োজন হওয়ায় বিশ্বব্যাংকের কাছ থেকে এই অর্থ নেওয়া হচ্ছে।

এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, অনুত্তোলিত তহবিলের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ প্রযোজ্য হলেও, পূর্ববর্তী বছরের মতো এ বছরও বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোনো কমিটমেন্ট ফি দিতে হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন