ফর্মে থাকা এমবাপের চোটে দুশ্চিন্তা বাড়ল রিয়াল মাদ্রিদের
ফ্রান্সের জন্য দারুণ এক রাত খুব দ্রুতই বিষাদে পরিণত হলো। আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত খেললেন কিলিয়ান এমবাপে। এক গোল করেছেন, করিয়েচঘেন একটি। এরই মাঝে তিনি আবারও চোট পেলেন গোড়ালিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
ম্যাচের শেষ দিকে, প্রায় ১০ মিনিট বাকি থাকতে, হঠাৎ মাটিতে পড়ে ব্যথায় কাতরাতে দেখা যায় এমবাপেকে। রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩–১ গোলের জয়ের ম্যাচেও একই গোড়ালি নিয়েও অস্বস্তিতে দেখা গিয়েছিল তাঁকে।
ফরাসি দলের মেডিকেল টিম দ্রুত তাঁর প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর এমবাপে নিজেই ইঙ্গিত দেন দেশমকে- তাঁকে বদলি করা হোক। ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন তিনি, খোঁড়াতে খোঁড়াতে সরাসরি চলে যান ড্রেসিং রুমে।
ম্যাচ শেষে দেশম বলেন, “আগের সেই গোড়ালিতেই আবারও ধাক্কা খেয়েছে ও। বিশ্রামে থাকলে ব্যথা কমে যায়, কিন্তু ম্যাচে তো ধাক্কা লাগবেই। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। আপাতত ওর অস্বস্তি আছে, যা ভালো নয়।”
এর আগে দেশম জানিয়েছিলেন, এমবাপে “একটু সমস্যা” নিয়েই জাতীয় দলে যোগ দিয়েছেন, যার কারণে পুরো সপ্তাহের বেশিরভাগ সময়ই তিনি অনুশীলন করতে পারেননি। তবুও কোচ আশ্বস্ত করেছিলেন যে ইনজুরিটা “গুরুতর নয়” এবং তাই আজারবাইজানের বিপক্ষে খেলার অনুমতি দিয়েছিলেন।
মাঠে নামার পরও যেন সব ভুলিয়ে দিলেন তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর সেই একক প্রচেষ্টা ছিল দর্শনীয়। এরপর দ্বিতীয়ার্ধে রাবিওর গোলে সহায়তা করে জয় নিশ্চিত করেন ২৬ বছর বয়সী এই তারকা। ফ্রান্স ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা ধরে রাখে।
বর্তমানে এমবাপে বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা ফুটবলারদের ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ১৩ ম্যাচে তাঁর গোল ১৭টি, অ্যাসিস্ট ৪টি। এর চেয়েও আশ্চর্যের বিষয়, টানা ১০ ম্যাচে গোল করেছেন তিনি। এই মৌসুমে একমাত্র মায়োর্কার বিপক্ষে ম্যাচটিতেই গোল পাননি।
তবে মৌসুমের এমন দুর্দান্ত শুরুতে আবারও ইনজুরি পাওয়া এমবাপের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। ফ্রান্স হয়তো আইসল্যান্ডের বিপক্ষে তাঁকে ছাড়াই পারবে, কিন্তু রিয়াল মাদ্রিদের সামনে অপেক্ষা করছে কঠিন সময়। অক্টোবরের শেষ ভাগে টানা মুখোমুখি হতে হবে গেতাফে, জুভেন্টাস ও বার্সেলোনার মতো প্রতিপক্ষের।
মন্তব্য করুন