পরীক্ষামূলক
LIVE TV

নেইমার-অ্যালিসনদের ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। ফলে দেশগুলো এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। আগস্টের শেষদিকেই অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ (দক্ষিণ কোরিয়া ও জাপান) ও সময় ঘোষণা করেছিল ব্রাজিল। সে উপলক্ষ্যে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ভিনিসিয়ুস-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র।

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরম্যান্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।

গতকাল (বুধবার) রিও ডি জেনেইরোতে আনচেলত্তি ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের দলে না থাকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোয়েসকে ডেকেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। এখন পর্যন্ত তিনি তিনবার ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন। এবারই প্রথম নিজের সাবেক ক্লাব শিষ্য রদ্রিগোকে ডেকেছেন আনচেলত্তি। এ ছাড়া সেপ্টেম্বরে হওয়া প্রথম ম্যাচে কার্ডজনিত সমস্যায় এক ম্যাচ নিষিদ্ধ থাকা ভিনিসিয়ুসকেও বাইরে রেখেছিলেন।

এদিকে, ইতালিয়ান এই কিংবদন্তি কোচের স্কোয়াডে নেইমার ছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়োসের। সম্প্রতি লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে বলে গত শুক্রবার জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা। পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিয়োসও চোটের কারণে খেলার বাইরে আছেন। এ ছাড়া আনচেলত্তির প্রথম দুবার ঘোষিত স্কোয়াড থেকে আন্দ্রে সান্তোস এবং আলেসান্দ্রো রিবেইরো বাদ পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন