পরীক্ষামূলক
LIVE TV

বিজয়ের জনসভায় ৩৯ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির জনসভায় ৩৯ জন নিহতের ঘটনায় ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক জন। তিনি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেভট্রি কাজগম তথা টিভিকের করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার মথিয়াঝগনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড, সাধারণ মানুষের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া টিভিকে-র সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

টিভিকের প্রধান বিজয়ের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ। তার নামে করা মামলা উল্লেখ করা হয়েছে, জেলায় অনেকক্ষণ আগে পৌঁছান বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে প্রায় ঘণ্টাচারেক দেরি করেন তিনি। এতে অধৈর্য হয় অনুষ্ঠানে উপস্থিত জনতা। ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। এছাড়া বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়া রোড শো করার অভিযোগও রয়েছে।

গেল শনিবার তামিলনাড়ুতে বিজয়ের এক রাজনৈতিক জনসভায় ৩৯ জনের পদপিষ্টের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ১৭ জন নারী। এতে আহত হয় প্রায় অর্ধশতাধিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে। অনেকে অভিযোগের আঙুল তোলেন অভিনেতার দিকে। তার-ই জেরে মামলা হয় অভিনেতার নামে। তার বাড়িতে বোমা হামলারও হুমকি দেওয়া হয়।

এদিকে ঘটনার পর এক বিবৃতিতে বিজয় বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। এই অসহনীয় যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা যায় না। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’পাশাপাশি আহত-নিহতদের পরিবারের জন্য ঘোষণা করেন ক্ষতিপূরণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন