পরীক্ষামূলক
LIVE TV

রাজনৈতিক দলগুলো শিগগিরই ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে। তার মতে, এসব সংস্কারের মূল লক্ষ্য হলো বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান ঠেকানো।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানে বন্যায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেন। এসময় শেহবাজ শরিফ দুর্যোগের ঘনঘনতা ও তীব্রতার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেন।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় রাজনৈতিক সংস্কার অর্থবহ পরিবর্তনের পথ খুলে দেবে বলে তিনি আশাবাদী। একইসঙ্গে জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে এবং শিগগিরই দলগুলো ‘জুলাই সনদ’ সই করবে।

সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতার বিকল্প পথ নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। বৈঠকে শেহবাজ শরিফ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন