পরীক্ষামূলক
LIVE TV

হ্যাটট্রিকে অ্যাতলেতিকোর জয়ের নায়ক আলভারেজ

লা লিগায় রোমাঞ্চকর এক লড়াইয়ে রায়ো ভায়েকানোকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দলের এই জয়ের নায়ক হুলিয়ান আলভারেজ। হ্যাটট্রিক করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

মেট্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে দেন আলভারেজ। তবে বিরতির আগে রায়োর পেপ চাভারিয়ার দুর্দান্ত শটে সমতায় ফেরে অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আলভারো গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে অ্যাতলেতিকো। কিন্তু সেখানেই থেমে যাননি আলভারেজ। আরো দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। মৌসুমে এটিই অ্যাতলেতিকোর দ্বিতীয় জয়।

ম্যাচ শেষে কোচ ডিয়েগো সিমেওনে আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে বলেন,
“আলভারেজ অসাধারণ খেলছে। তাকে আরও ভালো করার দায়িত্ব আমাদের। দীর্ঘ সময় তাকে অ্যাতলেতিকোতে ধরে রাখা জরুরি, কারণ সে-ই আমাদের জন্য পার্থক্য গড়ে দিতে পারে।”

এর আগে মৌসুমে মাত্র একটি গোল করেছিলেন আলভারেজ। আগের ম্যাচে বদলি হওয়ার সময় তার অসন্তুষ্টির খবর ছড়ালেও তিনি জানান,
“আমি আসলে নিজের ওপরই বিরক্ত ছিলাম। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা বাড়িয়ে বলা হয়েছে।”

এই জয়ের ফলে নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত অ্যাতলেতিকো। তবে সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা—শনিবারের মাদ্রিদ ডার্বি। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সব ম্যাচ জিতে লিগের শীর্ষে রয়েছে এবং অ্যাতলেতিকোর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

সিমেওনে সতর্ক করে বলেন,
“ওরা দারুণ ফর্মে আছে, দলগত খেলাতেও উন্নতি করেছে। আমাদের জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন