পরীক্ষামূলক
LIVE TV

অবসর ভেঙে দলে ফিরলেন প্রোটিয়া তারকা উইকেটরক্ষক-ব্যাটার

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার ডি কক আগে টেস্ট থেকে অবসর নেন এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে থেকেও সরে দাঁড়ান। এরপর তার টি-টোয়েন্টি থেকেও অবসর নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই।

অবসর ভেঙে ফিরছেন ওয়ানডে ক্রিকেটে। প্রায় এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ফেরানো হয়েছে তাকে। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে রয়েছে তার নাম। দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে খেলবে একটি পূর্ণাঙ্গ সিরিজ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি। সফর শুরু হবে টেস্ট দিয়ে।

চোটের কারণে পাকিস্তান সফরে নেই নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দেবেন অ্যাইডেন মারক্রাম। ওয়ানডে দলের অধিনায়ক ম্যাথু ব্রিজকে এবং টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।

ডি ককের ফেরা নিয়ে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যাট্রিক মরনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ডি ককের ফিরে আসা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। দেশের হয়ে খেলার তার আগ্রহ বরাবরই ছিল। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য অনেক উপকারী হবে।’

৩২ বছর বয়সী ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট, ১৫৫টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান ১২,৫০০ এর বেশি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন