তারেক রহমানের নির্দেশ, ঘরে ঘরে যেতে হবে: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে যেতে হবে। নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে এবং আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা মা-বোনদের কাছে যেতে হবে। এটাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে তিনি আরও বলেন, “আজকে আমরা সবাই এক মঞ্চে মিলিত হয়েছি। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। জেলা বিএনপির নেতৃত্বে রামগঞ্জে আমরা ঐক্যের বন্ধন গড়ে তুলেছি।”
সম্মেলনে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।
মন্তব্য করুন