পরীক্ষামূলক
LIVE TV

“পৃথিবীর ধ্বংসের জন্য আমরা সবাই দায়ী” – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর বর্তমান সংকট ও ধ্বংসের জন্য মানবজাতিই দায়ী। তিনি বলেন, “আমরা সবাই এখানে আসামি। পৃথিবীর সর্বনাশের পেছনে যারা দায়ী, তারা এই মঞ্চেই উপস্থিত – আমরা নিজেরাই।”

বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, প্রাচীন কবিরা বলেছেন, সাগরের সব পানি যদি কালি হতো, বনের সব গাছ যদি কলম হতো, তবুও মানুষের অপরাধের ইতিহাস লিখে শেষ করা যেত না। সেই একই অপরাধ আমরা আজও অবলীলায় করে যাচ্ছি।”

তিনি বলেন, “আজ পৃথিবী যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার ও রাজনৈতিক সংঘাতে জর্জরিত। কিন্তু সবচেয়ে বড় সংকট, যা অনেকেই এখনো বুঝতে পারছে না, তা হলো প্রকৃতির ধ্বংস। এটা প্রকৃতির দোষ নয়, আমাদেরই দোষ। আমরা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বদলে তাকে ধ্বংস করছি। প্রকৃতির শত্রু হলো একমাত্র প্রাণী – মানুষ।”

তিনি সতর্ক করে বলেন, “জলবায়ু সংকট এখন দৈত্যের মতো আমাদের দরজায় কড়া নাড়ছে। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে – হয় প্রকৃতি টিকবে, নয়তো মানুষ। দুজনের একসাথে বেঁচে থাকার সুযোগ নেই।”

তিনি পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সবাইকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের পরামর্শ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন