জাতীয় নির্বাচন জুলাই-আগস্টেই সম্ভব – মির্জা ফখরুল
দেশে বিরাজমান সংকটের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল যে, এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে, এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং মোটামুটি একটা স্ট্যাবিলিটি চলে এসেছে… এই মাসে সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট এসে যাবে, সুতরাং মনে হয় না, আরও বিলম্ব করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হলো, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির এই জাতীয় সংসদ নির্বাচনের ওপরে।
নির্বাচনের জন্য কতগুলো আনুষ্ঠানিকতা আছে জানিয়ে তিনি বলেন, ভোটার লিস্ট এক মাসের মধ্যেই হালনাগাদ করা যাবে। এরপরে প্রিজাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন কাজ এক-দুই মাসের বেশি সময় লাগার কথা নয়। সবই তো তৈরি।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন বলেছে যে, নির্বাচন করার জন্য তারা রেডি (প্রস্তুত) এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তৈরি রয়েছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুই নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। জাতির স্বার্থে জাতীয় নির্বাচনটা প্রয়োজন।
জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে—এ বিষয়ে মনোযোগ আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে আমরা খুব সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমরা বলেছি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। কারণ, এখন তো পুরো ফোকাসটা জাতীয় সংসদ নির্বাচনের ওপর। গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সে কারণে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম করতে চায়।’
নির্বাচন প্রস্তুতির জন্য বেশি সময় প্রয়োজন নেই জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সবই তো তৈরি আছে। নির্বাচন কমিশন বলছে তারা রেডি, নির্বাচন করার জন্য তৈরি আছে। তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তৈরি আছে এবং তারা পরিষ্কার বলে দিয়েছে, দুটো নির্বাচন একসঙ্গে সম্ভব না।’
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকারের তৃণমূল স্তর হলো ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদই তো সরকার বাতিলই করেনি। তা যদি বাতিল না করে, সেখানে কীভাবে স্থানীয় সরকারের নির্বাচন হবে?
মন্তব্য করুন