৪ ঘণ্টা অজ্ঞান ছিলাম, সবাই ভেবেছিল মারা গেছি”: আমিশা প্যাটেল
২০২৩ সালে বলিউডের সুপারহিট সিনেমা ‘গদর টু’ যেন ৯০ দশকের মানুষের জন্য এক গভীর নস্টালজিয়ার আবহ এনেছিল। সেই ছবির একটি আইকনিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী আমিশা প্যাটেল জীবনের এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘‘একটি দৃশ্যে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হয়েছিল। বারবার পরিচালক অনিল শর্মাকে জিজ্ঞাসা করেছিলাম, পানি গরম আছে কিনা। কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন, পানি গরম থাকবে। কিন্তু যখন শট দিতে গিয়েছিলাম তখন দেখি পানি বরফের মতো ঠান্ডা।’’
তিনি আরও জানান, ‘‘আমি একটি পাতলা সালোয়ার কামিজ পরেছিলাম। প্রথম যখন আমার ওপর পানি ঢালা হয়, আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। কারণ, পানি ছিল বরফের মতো ঠান্ডা। সেই ঠান্ডা পানি নিয়েই শুটিং করা হয় এবং এতে আমার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়।’’
আমিশা প্যাটেল বলেন, ‘‘শ্যুট শেষ হওয়ার পর আমার সহকর্মীরা আমাকে পা ঘষে দেয় কিন্তু আমার সারা শরীর ততক্ষণে এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে সবাই অনেক চেষ্টা করলেও আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে দ্রুত মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। প্রায় চার ঘণ্টা আমি অজ্ঞান ছিলাম। সকলে ভেবেছিল, আমি হয়তো বেঁচে নেই।’’
তিনি আরও বলেন, ‘‘৪ ঘণ্টা পর যখন চোখ মেলে তাকাই, তখন দেখি সবাই এক দুর্ভাবনার পরিবেশে ছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। তবে এই চার ঘণ্টায় কী হয়েছিল, তা আমার মনে নেই।’’
প্রসঙ্গত, ‘গদর টু’ বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছিল এবং ২০২৩ সালের অন্যতম সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম ছিল। শুধু শুরুর আয় নয়, সিনেমাটি দর্শকদের মধ্যে এক বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল।
মন্তব্য করুন