ভূগর্ভস্থ সংরক্ষণাগারে ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরির দাবি ইরানের
ইরান সম্প্রতি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন করেছে এবং সেখানে ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরির দাবি করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই ভূগর্ভস্থ সংরক্ষণাগার পরিদর্শন করছেন। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হাজিজাদেহ এই স্থানটিকে ‘সুপ্ত আগ্নেয়গিরি’ হিসেবে বর্ণনা করেছেন।
মেহের নিউজ জানিয়েছে, ইরান গত অক্টোবর ও এপ্রিলে ইসরাইলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করেছে, তার একটি অংশ এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে সমন্বয় করা হয়েছিল।
শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি ঘোষণা করেন যে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স একটি ‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র’ তৈরি করছে।
তাসনিম নিউজের বরাতে সিএনএন জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান শিগগিরই নতুন মহড়া ও যুদ্ধ অনুশীলনের আয়োজন করবে। এসব মহড়ায় ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি’ উন্মোচন করা হবে বলে তিনি জানান।
এ মহড়ার অংশ হিসেবে ভূগর্ভস্থ সংরক্ষিত ক্ষেপণাস্ত্র ও দক্ষিণ ইরানের জাহাজে থাকা একটি বিশেষ স্থাপনাও প্রদর্শিত হবে।
সিএনএন আরও জানায়, ইসরাইলের আক্রমণ এবং মিত্র সিরিয়ার বাশার আল আসাদের সরকারের ওপর চাপ সত্ত্বেও ইরান তাদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে। ইরান গাজা, লেবানন এবং ইয়েমেনে তাদের সমর্থিত বাহিনীর মাধ্যমে এ অঞ্চলে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়।
মন্তব্য করুন