দাবানলে টালমাটাল হলিউড, পিছিয়ে গেল অস্কার মনোনয়ন ও অন্যান্য অনুষ্ঠান
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে এ বছরের অস্কার মনোনয়ন ঘোষণার তারিখ দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের তারিখ পরিবর্তন এবং বেশ কিছু জনপ্রিয় টক শো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ১৭ জানুয়ারি অস্কার মনোনয়ন ঘোষণার কথা থাকলেও, তা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। দাবানলের কারণে একাডেমি সদস্যদের ভোট দেওয়ার সময়সীমাও ৮ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
দাবানলের কারণে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের তারিখও পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।
এই দুর্যোগে লস অ্যাঞ্জেলেসে বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান’, ‘দ্য পিট’, এবং ‘দ্য লাস্ট শোগার্ল’। পাশাপাশি, বেশ কিছু সিনেমা ও সিরিজের শুটিং বাতিল করা হয়েছে।
কয়েকটি জনপ্রিয় টক শো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দাবানলের কারণে শহরে বিভিন্ন সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
দাবানলে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
- জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, এবং অস্কারের সাবেক সঞ্চালক বিলি ক্রিস্টাল তাঁদের বাড়ি হারিয়েছেন।
- অভিনেতা ক্যারি এলওয়েস স্ত্রী-সন্তানসহ প্রাণে বাঁচলেও তাঁর বাড়ি আগুনে পুড়ে গেছে।
- অভিনেত্রী ম্যান্ডি মুর জানান, তিনি সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন।
- প্যারিস হিলটন শহরের বাইরে থাকায় প্রাণে বেঁচেছেন, তবে তাঁর বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
দাবানলের ঝুঁকি এড়াতে বেন অ্যাফ্লেক তাঁর প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী জেনিফার গার্নারের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে বেনের বাড়ি এখনো অক্ষত রয়েছে।
গোল্ডেন গ্লোব, এমি ও সেগ পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী তারকা জিন স্মার্ট জানিয়েছেন, তাঁর পরিবার নিরাপদে থাকলেও বাড়িটি রক্ষা করা যায়নি।
এই ভয়াবহ দাবানলে শুধু সম্পত্তির ক্ষতি হয়নি, হলিউডে চলমান বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়েছে। অস্কার মনোনয়ন পেছানো, সিনেমার প্রিমিয়ার স্থগিত এবং তারকাদের ব্যক্তিগত ক্ষতি—সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসের এই দুর্যোগে হলিউড কার্যত বিপর্যস্ত।
মন্তব্য করুন