পরীক্ষামূলক
LIVE TV

🚉 সবার জন্য উন্মুক্ত হচ্ছে রেলওয়ের ১০ হাসপাতাল

বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকা ১০টি হাসপাতাল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। সোমবার সকালে সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অডিটোরিয়ামে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, হাসপাতালগুলো এখন যৌথভাবে পরিচালিত হবে। প্রাথমিক প্রস্তুতি শেষ হওয়ার পর এগুলো সর্বসাধারণের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমানে এসব হাসপাতালের সেবা কেবল রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সীমাবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, দেশে চিকিৎসকের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হলেও চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ২,০০০ চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি। তবে সাধারণ মানুষের জন্য হাসপাতালগুলো পুরোপুরি খুলে দিতে কিছুটা সময় লাগবে।”

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন