রংপুরে কবরখোদক ও মরদেহ গোসলকারীদের ঈদ উপহার

“গোরস্থানের নির্জনতায় যাদের বিচরণ, ঈদ উৎসবে করি তাদের শ্রদ্ধায় স্মরণ”—এই স্লোগানকে ধারণ করে রংপুরে কবরখোদক ও মরদেহ গোসলকারীসহ ১৫০ জনকে ঈদের উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
গত শনিবার (২৯ মার্চ) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’ ও ‘তানবীর ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে কবরখোদক, মরদেহ গোসলকারী, হিজড়া সম্প্রদায় এবং নিম্নআয়ের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রত্যেককে সেমাই, চিনি, চাল, আলু, সয়াবিন তেল, পাঞ্জাবি, লুঙ্গি ও নগদ ৪ হাজার টাকার উপহার প্যাকেট দেওয়া হয়। মোট সাড়ে ৬ লাখ টাকার ঈদ উপহার বিতরণ করা হয়।
বাংলার চোখের প্রতিষ্ঠাতা তানবীর হোসেন আশরাফী বলেন, “সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্মানিত করা হলেও কবরখোদক ও মরদেহ গোসলকারীদের প্রতি কারও নজর পড়ে না। তাদের সম্মান ও সহযোগিতার জন্যই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।”
উপহার বিতরণ শেষে ইফতার মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব মোকাররম হোসাইন জানান, সামনের দিনগুলোতে সমাজের অবহেলিত মানুষদের আরও বড় পরিসরে সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন