পরীক্ষামূলক
LIVE TV

১৬ মাস পর দলে ফিরে মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার

নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ারে চোট যেন নিত্যসঙ্গী। এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি তিনি। চোট কাটিয়ে এ মাসেই মাঠে ফেরার কথা ছিল তার, কিন্তু আবারও চোটের কবলে পড়ে তা আর সম্ভব হচ্ছে না। ফলে আরো দীর্ঘ হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা।

বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা ব্রাজিলের। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন নেইমার। দলও তার ফিরে আসাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন এই তারকা ফরোয়ার্ড। নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ সময় চোট কাটিয়ে সম্প্রতি ক্লাব ফুটবলে ফিরেছিলেন তিনি। আল হিলাল থেকে সান্তোসে ফিরে বেশ কয়েকটি ম্যাচেও অংশ নিয়েছেন। ব্রাজিলের লিগে ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা। কিন্তু আবারও চোটে থমকে গেলেন তিনি।

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান নেইমার। এর ফলে আসন্ন দুই ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। সিবিএফের পক্ষ থেকে কোচ দরিভাল জুনিয়র বলেন, “স্কোয়াড ঘোষণার পর জাতীয় দলের মেডিকেল টিম ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার এবং ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এভাবে বারবার চোটের কারণে নেইমারের ক্যারিয়ার যেন থমকে দাঁড়িয়েছে। ব্রাজিলের জন্য তার প্রত্যাবর্তন কবে হবে, তা এখন অনিশ্চিত।

Facebook Comments Box

মন্তব্য করুন