দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের সীমান্তের ১৫জন যুবককে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস প্রদান করেছে বর্ডার গাড বাংলাদেশ- বিজিবি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ বিতরণ করেন প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ-জামান, পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, ;ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
বিজিবি জানিয়েছে- ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে ৪ সপ্তাহব্যাপী “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। তাছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ প্রদান করা হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন