পরীক্ষামূলক
LIVE TV

রমজানে ওষুধ ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে রংপুরে মানববন্ধন

পবিত্র মাহে রমজানে ওষুধসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধসহ নিত্যপণ্যের মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। তারা আরও বলেন, বিগত বছরের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, রমজান মাসে নিত্যপণ্যের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। ইতিমধ্যে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গঠন করে বাজার অস্থিতিশীল করে তুলছে। চাল, চিনি, তেল, পেঁয়াজ, আলু, আদা, মসলা, আটা-ময়দা, বোতলজাত পানি, ডিম ও মাংসসহ প্রায় সব ধরনের পণ্য এখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এসব সিন্ডিকেট ভাঙতে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

বক্তারা আরও উল্লেখ করেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হলেও ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা হয় না। প্রতিদিন নীরবে ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এছাড়া চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। চিকিৎসার আগে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ কারণে দেশের অনেক মানুষ এখন চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তারা সরকারের প্রতি আহ্বান জানান, দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

মানববন্ধনে ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, ক্যাব রংপুর মহানগর শাখার সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, জেলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত ওষুধ ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন