সাজেকে ভয়াবহ আগুন, ৩০টির বেশি রিসোর্ট পুড়ে ছাই
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ইকোভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং অবকাশসহ অন্তত ৩০ থেকে ৩৫টি রিসোর্ট পুড়ে যায়।
সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মণ জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এবং তা আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। তবে এখনো আগুনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি।
মন্তব্য করুন