শীঘ্রই বীরের বেশে দেশে আসবেন তারেক রহমান – আবুল খায়ের ভূঁইয়া
“একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতৃত্ব এসেছে।শীঘ্রই বীরের বেশে দেশে আসবেন তারেক রহমান।এদেশের যতো অর্জন সকল অর্জনই জিয়া পরিবারের মাধ্যমে অর্জিত হয়েছে।”
শনিবার(২২ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা বিএনপি’র আয়োজনে বিভিন্ন দাবীতে করা সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন,“যারা অবৈধ ভাবে সম্পদ অর্জন করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দেশের মানুষের জন্য ব্যয় করুন,রাষ্ট্রীয় কোষাগারে জমা করুন।সরকার আমাদের আন্দোলনের ফসল কিন্তু সরকার অনন্তকালের জন্য না।যে কাজ করলে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব সেটা করুন।রমজানের আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন,“পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের মাধ্যমে সরকার এনে দায়িত্ব ছেড়ে দিন।তাতেই আপনাদের ভালো।জনগণের সরকার জনগনই নির্বাচিত করবে।অবিলম্বে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করুন।”
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাখা, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনাসহ বিভিন্ন জন দাবিতে রংপুর জেলা বিএনপির এই সমাবেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সমাবেশের সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন,“নির্বাচনই জনগণের একমাত্র চাওয়া।যেদিন তারেক রহমান দেশের মাটিতে পা দিবে সেদিনই বাংলাদেশের মাটি বিএনপির ঘাটি হয়ে যাবে।বহিরাগত কোন নেতৃত্ব রংপুরবাসী মানবে না।উন্নয়নের জন্য আমরা আর কোন আপোস করবো না।আর কোন সুযোগ সন্ধানী কেউ রংপুরে সুবিধা করতে পারবে না।”
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির রংপুর জেলা, উপজেলার এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর থেকে শ্লোগানে মুখরিত হয়ে সমাবেশে যোগ দিতে থাকে বিএনপি’র জেলা উপজেলা ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
মন্তব্য করুন